হাঙ্গেরিতে সরকার গঠনের আমন্ত্রণ পাওয়ার পরপরই দেশটির প্রেসিডেন্টকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন নতুন প্রধানমন্ত্রী পেতের ম্যাজিয়ার। তিনি সরাসরি প্রেসিডেন্ট তামাশ সুয়োককে দায়িত্ব ছাড়তে বলেন। প্রেসিডেন্ট তামাশ সুয়োক বিদায়ী প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের মিত্র।
৪৫ বছর বয়সি ম্যাজিয়ার সামাজিক মাধ্যমে একটি ছবি শেয়ার করেছেন। সেখানে প্রেসিডেন্ট তামাশ সুয়োকের সঙ্গে তাকে দেখা যায়। স্যানডোর প্রাসাদে হাঙ্গেরি ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পতাকার সামনে দাঁড়িয়ে ছিলেন তারা।
ম্যাজিয়ার ওই পোস্টে প্রেসিডেন্টকে ট্যাগ করে তার কড়া সমালোচনা করে লেখেন, হাঙ্গেরীয় জাতির ঐক্যের প্রতিনিধিত্ব করার অযোগ্য তিনি। আইনের রক্ষক হিসেবেও তিনি বেমানান। এমনকি আদর্শ নেতা হওয়ার কোনো যোগ্যতাই তার নেই।
তিনি আরও লেখেন, নতুন সরকার গঠনের পরপরই তামাশ সুয়োককে অবিলম্বে পদত্যাগ করতে হবে।
তবে সুয়োক পদত্যাগ না করলে কী হবে, সেই হুঁশিয়ারিও দিয়ে রেখেছেন ম্যাজিয়ার। তিনি বলেন, প্রেসিডেন্ট পদ না ছাড়লে তার দল বিপুল জনমতের জোরে সংবিধান ও আইন সংশোধন করবে। শুধু প্রেসিডেন্ট নন, অরবানের নিয়োগ দেওয়া অন্য 'পুতুলদেরও' ক্ষমতা ছাড়তে বাধ্য করা হবে।
শুধু আহ্বানেই থেমে থাকেননি ম্যাজিয়ার। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রেসিডেন্ট পদ না ছাড়লে তার দল জনসমর্থনের জোরে সংবিধান ও আইন সংশোধন করবে। শুধু প্রেসিডেন্ট নন, অরবানের নিয়োগ দেওয়া অন্য 'পুতুলদেরও' ক্ষমতা ছাড়তে বাধ্য করা হবে।
এদিকে, ম্যাজিয়ার একটি ভিডিওও শেয়ার করেছেন, যেখানে দেখা যায়—বিদায়ী প্রধানমন্ত্রী অরবান একা একটি ব্যালকনিতে হাঁটছেন, আর ম্যাজিয়ার ও তার সহযোগীরা সেটি দেখছেন। ভিডিওতে ম্যাজিয়ারকে রসিকতার ভঙ্গিতে ‘অ্যাবসোলিউট সিনেমা’ বলতে শোনা যায়।
উল্লেখ্য, ১২ এপ্রিল নির্বাচনে বিপুল ব্যবধানে জয় পায় ম্যাজিয়ারের দল তিসা পার্টি। এর মধ্য দিয়ে অরবানের ১৬ বছরের দীর্ঘ শাসনের অবসান ঘটে। ম্যাজিয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি দুর্নীতি দমন এবং আইনের শাসন প্রতিষ্ঠা করবেন। মূলত ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক উন্নয়ন এবং আটকে থাকা শত শত কোটি ইউরোর তহবিল ছাড় করাতেই এই উদ্যোগ নেবেন তিনি।
নির্বাচনে বিজয়ী এই নেতা জানান, আগামী মে মাসের মাঝামাঝি তার মন্ত্রিসভা শপথ নিতে পারে। এত বছরের স্বৈরতান্ত্রিক ব্যবস্থা দ্রুত বাতিল করার পরিকল্পনার কথাও জানান তিনি। তার লক্ষ্য, আগস্টের সময়সীমা শেষ হওয়ার আগেই ইইউর মহামারি তহবিলের প্রায় ১০ বিলিয়ন ইউরো নিশ্চিত করা।


